দেশের প্রখ্যাত রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যের ৮০তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। জন্মদিন উদযাপন নাগরিক কমিটির আয়োজনে বিকেল সাড়ে ৪টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মূল মঞ্চে দেখানো হয় পঙ্কজ ভট্টাচার্যের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র। এরপর সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’-এর শিল্পীরা ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে মঞ্চে নিয়ে আসেন পঙ্কজ ভট্টাচার্যকে। মঞ্চে তখন ঝরে পড়ে পুষ্পমালা। শুরু হয় শুভেচ্ছা বক্তৃতা আর ফুলেল শুভেচ্ছা পর্ব।
ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ সাম্যবাদী দল, ঐক্য ন্যাপ, গণফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ পথনাটক পরিষদ, গৌরব ৭১, জাসদ ছাত্রলীগ, ন্যাপ মোজাফফর, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), বাংলাদেশ আদিবাসী ফোরাম, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় মহিলা পরিষদ, জাতীয় শ্রমিক জোট, পঞ্চভাস্কর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আইনজীবী ঐক্য পরিষদসহ অনেকে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য সেই রাজনীতিবিদ, যারা এখন বাংলাদেশে বিরলপ্রজ। ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নন, সব সময় গণমানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। বাংলাদেশের এই সময়ের প্রচলিত ধারার রাজনীতিতে যে কজনের মুখ দেখলে মনে শ্রদ্ধা জাগে, তাদের মধ্যে অন্যতম পঙ্কজ ভট্টাচার্য। নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, সালেহ আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, দিলীপ বড়ুয়া, গোলাম কুদ্দুছসহ দেশের রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের অনেকে।