১৯টি দেশের সেনাপ্রধানের অংশগ্রহণে ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস সম্মেলনে যোগ দিয়েছেন থাইল্যান্ড সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সোমবার ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে তিনি যোগ দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআর আরও জানায়, ওই অনুষ্ঠানে এক সেমিনারে ‘ঝুঁকি নিরসনে ইন্দো-প্যাসিফিক স্থলবাহিনীগুলোর মধ্যকার আস্থা নির্মাণ : বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক বিষয়ের ওপর নিজ বক্তব্য তুলে ধরেন বাংলাদেশের সেনাপ্রধান। আজিজ আহমেদ বিজিবির মহাপরিচালক থাকার সময় সীমান্তবর্তী দেশগুলোর স্থলবাহিনীগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান তুলে ধরেন। এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডারের চিফ অব স্টাফের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল।