মোহাম্মদ শামিকে সোমবারই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের নির্দেশের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল আলিপুর আদালত।
স্ত্রীকে নির্যাতন মামলায় শামি ও তার তার ভাই হাসিত আহমেদের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর গ্রেফতারী পরোয়ানা জারি করে আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক সুব্রত মুখোপাধ্যায়।
কিন্তু ভারতীয় দলের সঙ্গে শামি ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় ১৫ দিনের মধ্যে তাকে কলকাতার আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। না হলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়।
শামির আইনজীবী সলিম রহমান জানান, আলিপুর আদালত শামির গ্রেফতারের ওপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছেন। ২ নভেম্বর আবার এই মামলার শুনানি হবে। ফলে সাময়িক স্বস্তি পাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা এই পেসার। এর ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে কোনও অসুবিধা হবে না শামির। ২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে টেস্ট সিরিজ।
২০১৮ সালে শুরুর দিক থেকে একের পর এক বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে শামিকে। শামির স্ত্রী হাসিন জাহা তার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছিলেন। এর মধ্যে ম্যাচ ফিক্সিং, ধর্ষন, নির্যাতন ও খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে। শামিকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি দেয় বিসিসিআই। তবে স্ত্রী নির্যাতন ও খুনের চেষ্টাসহ অন্যান্য অভিযোগে লাগাতার তদন্ত চালায় কলকাতা পুলিস। শামির বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনে আলিপুর আদালতে ৪৯৮ ও ৩৫৪ ধারায় মামলা দায়ের করেন তার স্ত্রী। এই মামলায় বেশ কয়েকবার শুনানিও হয়। কিন্তু শামিকে আদালতে উপস্থিত থাকার কথা বলা হলেও তিনি হাজিরা দেননি।
শামির বিরুদ্ধে চার্জশিট গঠন করার ছয় মাস পর আলিপুর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আদালত থেকে সংবাদ মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে শামির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হাসিন। কিন্তু কোনওভাবেই শামিকে বেকায়দায় ফেলতে পারেননি তিনি।