প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

আফগানিস্তানের দীর্ঘদেহী ফুটবলারদের গতি আর স্কিলের সঙ্গে টেক্কা দিতে পারেনি বাংলাদেশ। ফলে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে আছে জেমি ডের দল।

নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।

টার্ফের মাঠে প্রাধান্য বিস্তার করে খেলা আফগানদের বিপক্ষে ২৮ মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। ফ্রি কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ফারশাদ নুর। বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ঝাঁপিয়ে ছিলেন ঠিকই। কিন্তু তার গ্লাভসে ছোঁয়া দিয়ে বল ঠিকই জালে ঢুকে।

নিজেদের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আফগানিস্তান। তবে সেই হার ভুলে বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়ছে দলটি।

বাংলাদেশ একাদশ:

আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহীম, সাদ উদ্দিন।