এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের রোমান সানা

আর্চারিতে বাংলাদেশকে আরও একটি সাফল্য এনে দেওয়ার খুব কাছে চলে এসেছেন রোমান সানা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং প্রতিযোগিতার স্টেজ-৩ রিকার্ভ এককে ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

ফিলিপাইনের ক্লার্ক সিটিতে বুধবার সেমিফাইনালে চীনের লা তার বিপক্ষে রোমান সানার জয় এসেছে ৬-৪ সেট পয়েন্টে। শুক্রবার স্বর্ণ জয়ের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী চীনের ঝেনকি শি।

কোয়ার্টার ফাইনালেও সানার জয়টা ছিল দাপুটে। চাইনিজ তাইপের হুই ঝি ইয়াংকে হারিয়েছিলেন ৭-১ সেট পয়েন্টে।

এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী হাকিম আহমেদ রুবেল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। এছাড়া তামিমুল ইসলাম হেরেছেন তৃতীয় রাউন্ডে। মেয়েদের রিকার্ভ এককে বিউটি রায় দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন।

গত জুনে আর্চারিতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান সানা। দেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে জায়গা করে নিয়ে নাম লিখিয়েছেন ইতিহাসে।