মোংলা বন্দরে মোবাইল হারবার ক্রেনের অপারেশনাল কার্যক্রম শুরু

মোংলা বন্দর কর্তৃপক্ষ পণ্য হ্যান্ডেলিংয়ের জন্য অত্যাধুনিক মোবাইল ক্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম চালু শুরু করেছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করা জাহাজ থেকে কন্টেইনার খালাসের মধ্য দিয়ে ক্রেনটির কার্যক্রম শুরু হয়। চার শ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই ক্রেনটি দিয়ে ১৪ সারির কন্টেইনার বোঝাই গিয়ার সেলস জাহাজ হ্যান্ডেলিং ও সর্বোচ্চ প্রায় ৮৪ টন ওজন উত্তোলন করা যাবে। প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে গত ২৬ জুন জার্মানের রোসটেক বন্দর থেকে মেসার্স সাইফ পাওয়ার টেক লি: এর মাধ্যমে আমদানি করা হয় এই ক্রেনটি।

পদ্মা সেতু, রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক কেন্দ্র ও পানগাঁওয়ের কন্টেইনার পণ্য হ্যান্ডেলিংয়ের জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে ৬৮টি অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করেছে। এসব প্রকল্প মাথায় রেখেই বন্দর কর্তৃপক্ষ ২০০৯ সাল থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে কাজ শুরু করে। এছাড়া ২০২১ সালে পদ্মা সেতু চালু হলে এ বন্দরের ওপর চাপ আরও বৃদ্ধি পাবে। সে জন্য আরও ৭৫টি যন্ত্রপাতি সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

ক্রেনটি সংযোজনের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আফসানা, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সচিব মো. ওহিউদ্দিন চৌধুরী, সিভিল ও হাইড্রোলিক বিভাগের প্রধান প্রকৌশলী মো. শওকত আলী, যান্ত্রিক ও তড়িৎ বিভাগের উপপ্রধান এবং প্রকল্প পরিচালক মাহাবুবুর রহমান মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্দরের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের উপ-প্রধান এবং প্রকল্প পরিচালক মাহাবুবুর রহমান মিনা বলেন, ৬৪ টি চাকাযুক্ত এই ক্রেনটি বন্দর জেটির লোড সহনশীলতার সীমার মধ্যে ৫ থেকে ৯ নম্বর জেটি বরাবর চলাচল করতে পারবে। এটি দিয়ে ৩৬টি কন্টেইনারবাহী জাহাজসহ বার্জ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে বন্দরে ১২ কোটি টাকারও বেশি অর্থ আয় হবে বলে জানান তিনি।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাইফ পাওয়ার টেক লি: এর খুলনা বিভাগের রিজওনাল ম্যানেজার মো. কামাল ফারুকী জাহান বলেন, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও গতিশীল করতে প্রথমবারের মতো অত্যাধুনিক এই মোবাইল হারবার ক্রেনটি আমদানি করা হয়েছে। এটি দিয়ে বন্দরে স্প্রেডার অপারেশন, গ্রাব অপারেশন এবং হুক অপারেশন করা হবে। মূলত কন্টেইনার অপারেশন কাজে এ ক্রেনটি সরবরাহ করা হয় বলেও জানান তিনি। যা আগে মোংলা বন্দরে ছিল না।