ত্রিদেশীয় সিরিজ দেখা যাবে ১০০ টাকায়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রথম পর্বের তিন ম্যাচের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি। দর্শকেরা এবার সর্বনিম্ন ১০০ টাকায় দেখতে পারবেন ম্যাচ।

স্বাগতিক বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানে নিয়ে শুক্রবার শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুই বার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনাল।

প্রথম পর্বের প্রথম তিনটি ম্যাচ হবে মিরপুরে। পরের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার থেকে।

এবার কোনো ব্যাংক বা অনলাইনে টিকিট পাওয়া যাবে না। দর্শকেরা টিকিট পাবেন মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা ও বিসিবি হসপিটালিটি লাউঞ্জের টিকিট পাওয়া যাবে ২ হাজার টাকায়।

চট্টগ্রামের তিন ম্যাচ ও মিরপুরের ফাইনালের টিকিটের মূল্য জানানো হবে পরে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের মতো এই সিরিজের নামও ও ভাই সিরিজ।