গাজীপুরে অজ্ঞানপার্টির ৪ সদস্যকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে নগরীর কোনাবাড়ি নছর মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা অজ্ঞান কাজে ব্যবহৃত সামগ্রীর ডিলার বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে।
আটক ব্যক্তিরা হলো জাহাঙ্গীর আলম (৩৩), রনি মিয়া (৩৭), ফজিবর মিয়া (১৯) ও মানিক মিয়া (২০)।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞানপার্টির এই চার সদস্যকে আটক করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে এরা ওই এলাকায় অবস্থান করছিল। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ১০টি মলম, ৪টি মোবাইল ফোন ও ৬৭০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, তারা গাজীপুর জেলার অজ্ঞান কাজে ব্যবহৃত সামগ্রীর ডিলার। জেলার অন্যান্য ছিনতাই ও অজ্ঞানপার্টির সদস্যদের কাছে অজ্ঞান কাজে ব্যবহৃত সামগ্রী বিক্রি করে তারা।