ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলো গ্রামের সালেহ আহম্মদের মেয়ে নাজমুন নাহার আফরিন (৭) ও আকবর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৭)। তারা স্থানীয় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। জান্নাতুল ফেরদৌসের বাড়ি সোনাগাজীর মতিগঞ্জ হলেও সে তার নানার বাড়িতে মায়ের সঙ্গে থাকত।
ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার আহম্মদ ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ৩টার দিকে গ্রামের নজির আহম্মদের বাড়িতে তিন শিশু একসঙ্গে পুকুরে গোসল করতে নেমে বড় দুজন পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। তখন ছোট শিশু বিবি মরিয়ম বাড়িতে গিয়ে খবর দেয়। পরে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।