কিশোরগঞ্জের ভৈরবে কাচের চুড়ি ভেঙে ফেলায় গত সোমবার এক গৃহকর্মীকে (১৮) অমানুষিক নির্যাতন করা হয়েছে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তানভীর রাফসান সাদলি ও মেহেরুন্নেছা অপি দম্পতিকে আটক করে পুলিশ।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই গৃহকর্মী জানান, বাসার ওয়্যারড্রপ পরিষ্কারের সময় ধাক্কা লেগে চুড়ির আলনা মেঝেতে পড়লে একটি কাচের চুড়ি ভেঙে যায়। এতে ক্ষুব্ধ গৃহকর্ত্রী মেহেরুন্নেছা প্রথমে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে ছুরি দিয়ে চোখের ওপর জখম করেন। একপর্যায়ে তার শরীরে গরম পানি ঢেলে দেন।
রাতে বাসায় এসে গৃহকর্তা তানভীর রাফসান সাদলি ঘটনা শুনে তাকে আরেক দফা মারধর করেন এবং বাসায় আটকে রাখেন। মঙ্গলবার রাতে কৌশলে পালিয়ে তিনি ভৈরবে খালার বাসায় যান। ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, মঙ্গলবার মধ্যরাতে ওই দম্পতিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।