দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার সকাল ৯টায় ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর ওড়ানো, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাজানো হয়েছিল বিভিন্ন আলোকসজ্জায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি উদযাপন করে।