মুন্সীগঞ্জে ৭ ভুয়া ম্যাজিস্ট্রেট সাংবাদিক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাট বাজারে ভুয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাতজন ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গত সোমবার রাতে উপজেলার নাগেরহাট বাজারে কয়েকটি মিষ্টান্ন ও খাবার রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের নামে ওই অভিযান চালানো হয়। গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেÑ ভুয়া ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন (৫৮), মাইক্রোবাসের চালক কবীর হোসেন (২৮), সাংবাদিক পরিচয় দেওয়া মো. কবির (৪২), নাজমুল হক (৩৬), সুমন শেখ (২২), মো. রাজ্জাক (৪০) ও শহিদুল ইসলাম সোহেল (৩৫)।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, কয়েকজন ভুয়া সাংবাদিকসহ একজন ভুয়া ম্যাজিস্ট্রেট নাগেরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নামে একটি মিষ্টির দোকানে গিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করে। পরে পার্শ্ববর্তী কয়েকটি খাবারের দোকানে গিয়ে জরিমানা করতে গেলে সন্দেহ হলে দোকানদাররা তাদের আটক করে।