টি-২০ ম্যাচে ৪৮৩ রান

টি-টোয়েন্টির এক ম্যাচে ৪৮৩ রান হয়েছে। এই ফরম্যাটের ক্রিকেটে এটি চতুর্থ সর্বোচ্চ রান। ছক্কা হয়েছে ৩৭টি, যা এক ম্যাচে সর্বোচ্চ ওভার-বাউন্ডারির রেকর্ড ছুঁয়েছে। এমন ম্যাচ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তবে ক্যারিয়ারের ২২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি দিয়েও ম্যাচটি নিজেদের করতে পারেননি জ্যামাইকা তালাওয়াসের ক্রিস গেইল। তাদের করা ৪ উইকেটে ২৪১ রান, ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে সেন্ট কিটস। ৬২ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১১৬ রান করেছেন ‘ইউনিভার্স বস’। মঙ্গলবারের সেঞ্চুরি গেইলকে নিয়ে গেছে ঠিক ১২ বছর পেছনে। ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন এই ব্যাটিংদানব। পরশুর ইনিংসে ১০ ছয় হাঁকিয়ে সিপিএলে নিজের ছক্কাসংখ্যা নিয়ে গেছেন ১৫৬-তে।

অন্যদিকে সেন্ট কিটস কোনো সেঞ্চুরি না করেই ম্যাচ জিতেছে। শুরুর চার ব্যাটসম্যান ও সপ্তমে নামা সামারাহ ব্রুকসের দুর্দান্ত ঝড়ো ব্যাটিং নির্ধারিত ওভারের আগেই লক্ষ্যে পৌঁছে দেয় কিটসকে। ব্রুকস ১৫ বলে ২৭ করেন। এছাড়া ফ্যাবিয়েন অ্যালেন ১৫ বলে ৩৭, লরি ইভানস ২০ বলে ৪১, লিউইস ১৮ বলে ৫৩ ও ডেভন থমাস ৪০ বলে ৭১ করেন। জ্যামাইকার ইনিংসে গেইলের ওই বিধ্বংসী ইনিংস ছাড়া চ্যাডউইক ওয়ালটন ৩৬ বলে ৭৩ করেন।