নবীনগর পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে নবীনগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
মাঈন উদ্দিন নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঈন উদ্দিন বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কোনো কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে দলের মনোনয়ন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। পক্ষে জনমত থাকার পরও মেয়র থাকাকালে আমাকে দলের মনোনয়ন না দেওয়ায় দলীয় কর্মকা- থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাও পদত্যাগের ঘোষণা দেন।