নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা মামলার বিচার মাসখানেক পিছিয়ে দেওয়া হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত রমজান মাসের সঙ্গে আদালতের ঠিক করে দেওয়া বিচার শুরুর তারিখ মিলে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের এক বিচারক বৃহস্পতিবার বিচার শুরুর তারিখ পরিবর্তনের এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রমজানের পর ২০২০ সালের ২ জুন থেকে বিচার শুনানি শুরু হবে।
চলতি বছর ১৫ মার্চ দেশটির ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে জুমার নামাজে আসা মুসল্লিদের ওপর সশস্ত্র এক বন্দুকধারী আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ওই হামলায় নিহত হন ৫১ জন মুসলিম। ওই ঘটনায় দেশটির পুলিশ ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে আটক করে। সন্দেহভাজন এ শ্বেতাঙ্গ বর্ণবাদীর বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদসহ ৯২টি অভিযোগ আনা হলেও সে নিজেকে নির্দোষ দাবি করেছে।