বরিশালে ৮৮ জনকে চিকিৎসা অনুদান

বরিশালে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ৮৮ জনের মধ্যে ৩৫ লাখ টাকা অনুদানের চেক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এ সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ৬৮ জনের চিকিৎসায় ৫০ হাজার করে ৩৪ লাখ টাকা এবং নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ২০ শিশুকে ৫ হাজার করে ১ লাখ টাকার চেক দেওয়া হয়।