শিগগিরই ‘মুক্তি’র শততম মঞ্চায়ন হবে

মঞ্চ ও টেলিভিশন নাটকের নন্দিত অভিনেত্রী তানভীন সুইটি। চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। থিয়েটার প্রযোজিত নাটক ‘মুক্তি’তে নিয়মিত অভিনয় করছেন। এই নাটক এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন পাভেল রহমান

মঞ্চনাটক ‘মুক্তি’...

মুক্তি নাটকটি আমেরিকান নাট্যকার লি ব্লেসিংয়ের ‘দি ইনডিপেনডেন্ট’ অবলম্বনে নির্মিত হয়েছে। এর ভাবানুবাদ করেছেন মিজারুল কায়েস, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। পারিবারিক গল্প নিয়ে এ নাটকটি তৈরি। যেখানে দেখা যায় সন্তান বড় হয়ে নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ মাকে সময় দিতে চাই না। নাটকটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। আমি তার মেয়ের চরিত্রে অভিনয় করছি। সহশিল্পী হিসেবে আরও আছেন তানজুম আরা পল্লী ও তামান্না ইসলাম।

‘মুক্তি’র ছোট মেয়ে...

এই নাটকে আমি পরিবারের ছোট মেয়ে। খুবই স্বাধীনচেতা। নিজের মতো করে বাঁচতে চাই। কিন্তু মা চান, সন্তানরা তার সঙ্গে থাকুক। সেই ছোট্ট বয়সের মতো। এ নিয়ে মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়। পারিবারিক বন্ধনের একটি বার্তা দেওয়ার চেষ্টা রয়েছে এই নাটকটিতে। এ সময়ের জন্য নাটকের গল্পটি ভীষণ প্রাসঙ্গিক। ২০০৪ সাল থেকে নাটকটি নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। গত বৃহস্পতিবার এটি ৯৮তম মঞ্চায়ন হয়। শিগগিরই শততম প্রদর্শনী হবে। প্রায় সবগুলো প্রদর্শনীতেই আমি অভিনয় করেছি।

টেলিভিশন নাটকে...

আকরাম খানের পরিচালনায় এখন একটা ধারাবাহিক নাটকে অভিনয় করছি। ‘কালের যাত্রা’ নামের এ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত। এ ছাড়া তেমন কাজ করা হচ্ছে না। সংসার এবং ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত। আর থিয়েটারে সময় দিচ্ছি। আমাদের নাট্যদলে নতুন কাজ শুরু হলে সেখানেও অভিনয় করব।

চলচ্চিত্রে অভিনয়...

মাঝে মাঝে প্রস্তাব আসে। কিন্তু আপাতত চলচ্চিত্রে অভিনয় করছি না। টিভি নাটক ও সিনেমায় অভিনয় করব না, ব্যাপারটা এমন নয়। তবে আপাতত কোনো চলচ্চিত্রে অভিনয় করছি না। বিজ্ঞাপনচিত্রেও সবশেষ প্রায় তিন বছর আগে কাজ করেছি। সেটি এখনো টিভিতে মাঝে মাঝে দেখা যায়। নতুন কোনো বিজ্ঞাপনচিত্রেও কাজ করছি না।