দিল্লির ফিরোজ শাহ কোটলা এখন অরুণ জেটলি স্টেডিয়াম

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নতুন নাম সদ্যপ্রয়াত বিজেপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী ‘অরুণ জেটলি স্টেডিয়াম’।

দিল্লির রাজ্য ক্রিকেট সংস্থা ডিডিসিএ’র  সাবেক সভাপতি ছিলেন অরুণ জেটলি। ১৯৯৯ সাল থেকে ২০১৩ দীর্ঘ সময় ডিডিসিএ’র সভাপতি থাকা অরুণ জেটলির প্রতি সম্মান প্রদর্শনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্টেডিয়ামের নাম অরুন জেটলি করা হলেও মাঠের নাম ফিরোজ শাহ কোটলাই রাখা হয়েছে।

বিখ্যাত এই ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির নামে। বৃহস্পতিবার, জওহরলাল নেহরু স্টেডিয়ামের ওয়েটলিফটিং অডিটোরিয়ামে নাম বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড পেয়ে ডিডিসিএকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি দলের সদস্য ও তার ছোটবেলার কোচকেও ধন্যবাদ জানান কোহলি। নিজের পরিবারকে ধন্যবাদ দেওয়ার সময় কোহলি ২০০১ সালের স্মৃতিচারণ করেন। সেই সময় ভাইয়ের সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ দেখতে তিনি এই স্টেডিয়ামে এসেছিলেন।

কোহলি বলেন, “আজ বাড়ি ফিরে আমার পরিবারকে একটা গল্প শোনাব। মনে করাব ২০০১ সালে একটা টিকিট পেয়ে এই স্টেডিয়ামে গিয়েছিলাম এবং খেলোয়াড়দের থেকে অটোগ্রাফ নিতে চেয়েছিলাম। একই স্টেডিয়ামে আজ আমার নামে একটা প্যাভিলিয়ন হয়েছে। সেটা বিরাট সম্মানের।”