নরসিংদীতে শিল্পমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, ‘ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। যার কারণে বেশিসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়ছে খেলাধুলায়।

গতকাল শুক্রবার দুপুরে বেলাব সরকারি পাইলট মডার্ন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘খেলাধুলাই পারে শিশুদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় সরকারের বিশেষ নজর থাকায় অর্জন অব্যাহত রয়েছে। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিপাত যাবে।’