বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিক উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ার পয়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি গলফ আরগো জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করেছে নৌবাহিনী সদস্যরা। শুক্রবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর টহলরত সাংগু নামের একটি জাহাজ তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃত নাবিকরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়েছে। তবে ডুবে জাওয়া জাহাজটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া নাবিকদের শনিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কন্টেইনারবাহী জাহাজ এমভি আরগো ১৫২ টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে ভারতে যাওয়ার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত নাবিকরা হলো জাহাজের ক্যাপ্টেন কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), চিফ ইঞ্জিনিয়ার হাসান রেজা খালিদ (৩২), চিফ অফিসার কাজী মাহমুব আলম (২৮), সেকেন্ড ইঞ্জিনিয়ার নূর আলম হিমেল (২৬), থার্ড মাস্টার মোজাম্মেল হোসেন (২৪), বোসনমেট রফিক উল্লাহ (৫৯), অ্যাবল সীম্যান মো. জুবায়ের হোসেন (২৪), অর্ডিনারি সীম্যান সুজন মুখার্জি (২০), অর্ডিনারি সীম্যান মো. সাহাবুদ্দিন (২১), শাহদাত হোসেন (৩৭), জমিরুল ইসলাম (৩০), শহীদ মিয়া (২৩), মো. রাজু (২৫) এবং আব্দুর রশিদ (৫০)।

বাংলাদেশ নৌবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত নাবিকরা সবাই সুস্থ রয়েছেন।