বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তথ্যচিত্রটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এর ওয়ার্কিং টাইটেল ‘বঙ্গবন্ধু’। তবে এটি সরকারের কোনো কাজ না বলে জানিয়েছেন অমিতাভ রেজা। কোন প্রতিষ্ঠান থেকে কাজটি হচ্ছে সেই প্রতিষ্ঠানটির নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক।
অমিতাভ রেজা বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি তথ্যচিত্রের কাজ করব। চিত্রনাট্যের কাজ এখনো চলছে। আগামী সপ্তাহের মধ্যে অনেক কিছুই চূড়ান্ত হয়ে যাবে। শুটিং শেষ করতে দুই-তিন মাস সময় লাগবে বলে ধারণা করছি।’
সম্প্রতি তিনি শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’ সিনেমার মূল কাজ। ছবিটি আগামী বছরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। ছবিটি মুক্তির পর নতুন আরেকটি সিনেমা পরিচালনা করার পরিকল্পনা আছে তার।