জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচ মিনিটের ব্যবধানে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে চিকিৎসকের দাবি অবহেলায় নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া নয় দিন বয়সী শিশু সামিয়া আক্তার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর গ্রামের শফিকুল ইসলাম ও রিনা আক্তারের মেয়ে। এছাড়া মারা যাওয়া দুদিন বয়সী অন্য শিশু ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার সোবহান ও হেনা বেগমের মেয়ে।
নিহত দুই শিশুর মায়েদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সামিয়াকে স্যালাইনের পাশাপাশি অক্সিজেন দেওয়ার জন্য অক্সিজেন মাস্ক পরানোর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এর ৫ মিনিটের মধ্যে দুদিন বয়সী শিশুকে স্যালাইন চলা অবস্থায় অক্সিজেন দেওয়ার পরপরই সে মারা যায়। তাদের অভিযোগ চিকিৎসকদের অবহেলায় শিশু দুটির মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন।
এদিকে অক্সিজেন সমস্যার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা আহাজারি শুরু করেলে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অন্য শিশুদের অক্সিজেন মাস্ক খুলে ফেলেন তাদের অভিভাবকরা। এতে আরও কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়লে প্রথমে নার্স ও পরে ডাক্তাররা রোগীর স্বজনদের বুঝিয়ে অক্সিজেন মাস্ক লাগানোর ব্যবস্থা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের জুনিয়র কনসালট্যান্ট তাজুল ইসলাম বলেন, শিশু দুটির ওজন একেবারেই কম ছিল। স্বাভাবিক প্রসবের কারণে তারা মাথায় আঘাত পেয়েছিল। ফলে ওই দুই শিশুর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এসব ক্ষেত্রে বেশিরভাগ শিশুর মারা যাওয়ার আশঙ্কা থাকে। এখানে অবহেলার কিংবা অক্সিজেনের কারণে মৃত্যুর যে কথা বলা হয়েছে তা ঠিক নয়।