প্রেস ক্লাবে সুলতানা কামাল

জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ

দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগ জনগণকে নিজেদের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি

বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও জনগণের মধ্যে সুনাগরিক চিন্তার বিকাশ ঘটাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি বিশ্বাস করি, এই দলটি জনমানুষের রাজনৈতিক সংগঠন। তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। কিন্তু তারা এই জায়গায় (নাগরিক বোধ বিকাশ) চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্রমেই জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা এখন প্রজায় পরিণত হয়েছি।

এই মানবাধিকারকর্মী বলেন, নারীরা মানসম্মান নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবে কি না, ধর্ষিত না হয়ে একটা জায়গায় পৌঁছতে পারবে কি নাÑ এই চিন্তা এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এর দায়িত্ব নেবে কে? তিনি বলেন, প্রত্যেকেই অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছি। দায়িত্ব এড়ানোর প্রবণতা প্রশাসনে সুশাসনের ঘাটতির কারণে সৃষ্টি হয়েছে। বাস-ট্রাক মালিক ও বিভিন্ন সংগঠনের নেতাদের উদ্দেশে সুলতানা কামাল বলেন, আমরা শুনে আসছি চালকরা ট্রিপে বাস চালায়। এটা কোন ধরনের মানবিকতা যে ট্রিপের ওপরে ড্রাইভারকে পয়সা দেওয়া সিস্টেম চালু করেছেন? আমরা বারবার বলেছি আপনারা তাদের নিয়োগ দেন। তিনি বলেন, একজন শ্রমিক আট ঘণ্টার বেশি কাজ করবে না। তারা আট ঘণ্টা কাজ করবে, আট ঘণ্টা বিশ্রাম আর আট ঘণ্টা ঘুমের মধ্যে থাকবে। আপনারা সেটা লঙ্ঘন করেন কেন?

সভায় জাসদের সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল বলেন, আমাদের দেশে ভিআইপিরাই সবচেয়ে বেশি আইন লঙ্ঘন করেন। কারণ তারা ক্ষমতার দম্ভ দেখান। আর যাদের ওপর আইন প্রয়োগের কাজ করতে দেওয়া হয়েছে তারা আরও বেশি আইন লঙ্ঘন করেন। ঢাকা সিটির ফুটপাত ঠিক করে মানুষের হাঁটার উপযোগী করা জরুরি মন্তব্য করে তিনি বলেন, কিন্তু ফুটপাত ঠিক না হওয়ার প্রধান কারণ হচ্ছে এখান থেকে কোনো ফিডব্যাক নাই, টাকা ইনকামের রাস্তা নাই।

সভায় প্রতি বছর ১৩ সেপ্টেম্বরকে ‘যাত্রী অধিকার দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়। সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।