কলেজ ভর্তি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ফেলিসিটি হাফম্যানকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ‘ডেসপারেট হাউসওয়াভস’ অভিনেত্রী অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ২০১৭ সালে মেয়ের ভর্তি পরীক্ষার উত্তরপত্র গোপনে সংশোধনের জন্য ১৫ হাজার ডলার ঘুষ দেন তিনি।
কারাদণ্ডের পাশাপাশি হাফম্যানকে ২৫০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস করতে হবে। ৩০ হাজার ডলার জরিমানাও দিতে হবে।
সাজা ঘোষণার পর এক বিবৃতিতে হাফম্যান জানান, তিনি অনুতপ্ত। এই ঘটনার জন্য তার কাছে কোনো অজুহাত নেই। বলেন, “এ কাজের জন্য আমার মেয়ে, স্বামী, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবার কাছে আবার ক্ষমা চাইছি।”
যে শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের ও অভিভাবকদের কাছে ক্ষমা চান এই অভিনেত্রী।
বিচারক ইন্দিরা তালওয়ানি বলেন, তিনি বিশ্বাস করেন হাফম্যান নিজের কাজের পুরো দায়ভার গ্রহণ করেছেন। সঙ্গে যোগ করেন, ভালো মা হওয়ার চেষ্টার সঙ্গে এ ধরনের কাজের সম্পর্ক নেই।
ঘুষ আদান-প্রদানের একাধিক ঘটনায় অভিভাবক ও অ্যাথলেট কোচসহ ৫০ জনকে অভিযুক্ত করা হয়। তবে কোনো শিক্ষার্থীকে দোষী করা হয়নি।
এই ঘটনায় কয়েক মাস আগে হলিউড অভিনেত্রী লোরি লৌলিন ও ফেলিসিটি হাফম্যানসহ কয়েক জনকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর জানান, তারা অভিজাত বিশ্ববিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। ঘুষ দিয়েছেন ক্রীড়া কোচ, পরীক্ষক ও অন্যদের।
এ আলোচিত ঘটনাকে এফবিআই নাম দেয় ‘অপারেশন ভার্সিটি ব্লুজ’। ইউএস অ্যাটর্নি অ্যান্ড্রু লেলিং মার্চে একে কলেজ ভর্তি নিয়ে সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেন।
দুর্নীতির সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলার কোচ, কর্মকর্তা এবং এসএটি ও এসিটি পরীক্ষার প্রশাসকেরা যুক্ত ছিলেন। এর আওতায় ৩৩ অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যাদের মধ্যে হাফম্যান রয়েছেন।