আন্তর্জাতিক ফুটবলের বিরতি কাটিয়ে লা লিগায় ফের মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। প্রতিপক্ষ ভালেন্সিয়া। কিন্তু চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও নেই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
নিজেদের মাঠ কাম্প নউয়ে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ভালেন্সিয়ার মুখোমুখি হবে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটির জন্য পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে বাইরে রেখেই ২০ সদস্যের দল ঘোষণা করেছে কাতালান ক্লাবটি।
জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলার পর থেকেই মাঠের বাইরে মেসি। মৌসুম শুরু হওয়ার আগে ক্লাবের হয়ে অনুশীলনের সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি।
চোটের কারণে যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনার চারটি প্রীতি ম্যাচের একটিতেও খেলতে পারেননি মেসি। ছিলেন না নতুন মৌসুমে এখন পর্যন্ত দলের খেলা তিনটি ম্যাচেও। ম্যাচ তিনটির মধ্যে লা লিগায় প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের কাছে হারলেও রিয়াল বেতিসের বিপক্ষে পরের ম্যাচে জয় পায় বার্সেলোনা। আর ২-২ গোলে ড্র করে ওসাসুনার বিপক্ষে সবশেষ ম্যাচে।
ধারণা করা হচ্ছিল, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন মেসি। কিন্তু সম্ভব হচ্ছে না। কবে নাগাদ আর্জেন্টাইন এই তারকা মাঠে ফিরতে পারবেন সে ব্যাপারেও কিছু জানাচ্ছে না বার্সেলোনা।
তবে স্বস্তির খবর হচ্ছে, চোট কাটিয়ে ফিরেছেন বার্সেলোনার আক্রমণভাগের আরেক তারকা খেলোয়াড় লুইস সুয়ারেস। সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি উরুগুয়ান এই স্ট্রাইকার।
বার্সেলোনার এবারের মৌসুমের শুরুটা আশানুরূপ হয়নি। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার অষ্টমস্থানে আছে এরনেস্তো ভালভেরদের দল।
৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ। ৫ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনা স্কোয়াড: মার্ক-আন্ড্রে টের স্টেগান, ইনাকি পেনা, নেলসন সেমেদো, জেরার্দ পিকে, ইভান রাকিতিচ, সের্হিও বুসকেতস, জিন-ক্লেয়ার ততিবো, আর্থার, লুইস সুয়ারেস, ক্লেঁমো লংলে, মোসা ওয়াগি, অঁতোয়ান গ্রিজমান, জর্দি আলবা, কার্লেস আলেনা, সের্গি রবের্তো, ফ্রাঙ্কি ডি ইয়ং, আর্টুরো ভিদাল, জুনিয়র ফিরপো, কার্লেস পেরেস ও আনসু ফাতি