ধলাই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বেলা ২টায় হাত থেকে পড়ে যাওয়া দা তুলতে গিয়ে দলই চা বাগান সংলগ্ন ধলাই নদীতে ডুবে গিয়েছিলেন চা শ্রমিকের ছেলে নারায়ণ রাজভর (১৬)। তিনি ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি শমশেরনগর চা-বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফয়েজ উদ্দীন ও রংপুর পিএন ৯৬০২ সংযুক্ত সিলেট ফায়ার স্টেশনের আবুল কালাম আজাদ, সহযোগী ডুবুরি আশিক মিয়া ও আব্দুল মোক্তাদির শনিবার সকাল সোয়া ৮টা থেকে অভিযান শুরু করে। ২৫ মিনিটের মধ্যে লক্ষী নারায়ণের লাশ উদ্ধার করেন। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল তৈরি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে দুই ভাই মিলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে কলমি ঘাস কাটছিলেন। শুক্রবার বেলা দেড়টার দিকে আকস্মিকভাবে লক্ষী নারায়ণের হাত থেকে দা পড়ে যায় ধলাই নদীর পানিতে। তখন তিনি নদী থেকে দা’র খোঁজে নামতে গিয়ে পানির নিচে ডুবে যায়।