বাবর রোডের সাইনবোর্ডে কালি দিল হিন্দু সেনা

দিল্লির বেঙ্গল মার্কেটের বাবর রোডের সাইনবোর্ডে কালি মেখে দিয়েছে ডানপন্থী সংগঠন হিন্দু সেনার সদস্যরা। তারা এই নাম বদলে কোনো বিখ্যাত ভারতীয় ধর্মগুরু কিংবা শহীদের নামে নামকরণ করতে বলছেন।

শনিবার সকালে একদল হিন্দু সেনা কর্মী বালতিতে কালি নিয়ে মার্কেটের কাছে হাজির হয়। কালি মাখানোর পাশাপাশি তারা সংগঠনের স্টিকারও লাগিয়েছে।

সংগঠনটির সভাপতি বিষ্ণু গুপ্ত বলেন, ‘সরকার একজন বিদেশি দখলদারের নামে রাখা এই সড়কের নাম পাল্টে কোনো মহান ভারতীয় ব্যক্তিত্বের নামে রাখুক। এ জন্যই আমরা রাস্তায় নয়াদিল্লি মিউনিসিপ্যাল (এনডিএমসি) কাউন্সিলের বসানো সাইনবোর্ডে কালো রঙ লাগিয়ে দিয়েছি।’

‘অনেকবার আমরা স্থানীয় প্রশাসনকে এই দাবির কথা জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি।’

দিল্লির ঐতিহাসিক কন্নাট প্লেসের কাছে এই বাবর রোডের নামকরণ করা হয়েছিল ভারতে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের নামে।

এর আগে গত বছর দিল্লির আকবর রোডের নামফলকের ওপর অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি হলুদ-গোলাপি পোস্টার টাঙিয়ে গিয়েছিল, যেখানে সড়কটির নতুন নাম লেখা ছিল ‘মহারানা প্রতাপ রোড’। পরদিন সকালেই পুলিশের উপস্থিতিতে পোস্টারটি সরিয়ে ফেলা হয়।