চাঁপাইনবাবগঞ্জে গুলিবিনিময় আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলির পর হত্যাসহ ১৭ মামলার পলাতক আসামি মো. টুটুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর-মেলার মোড় এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা, নাশকতা, অস্ত্রসহ ১৭ মামলার পলাতক আসামি টুটুল দলবল নিয়ে নির্মাণাধীন ওই বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় টুটুলকে আটক করা হয়। তার কয়েক সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি রামদা ও ১২টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।

টুটুলকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সদর থানার এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি জিয়াউর।