রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেলের উন্নয়নের স্বার্থে সারা দেশে যেসব স্থানে রেলওয়ের জমি দখল হয়েছে তা উচ্ছেদ করা হবে। যারা রেলের জমি অবৈধভাবে দখল করে ভুয়া মালিক সেজে বাণিজ্য করছেন তাদেরকে যেকোনো মূল্যে আমরা উচ্ছেদ করবই। এই জায়গাতে আমরা কোনো ছাড় দেব না সে যেই হোক না কেন। অবৈধ দখল উচ্ছেদ করে রেলের মালিকানা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’ গতকাল শনিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত রেলপথ, সেতু, সিগন্যালিং ও রোলিং স্টক রক্ষণাবেক্ষণ এবং ট্রেন পরিচালনা বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘সৈয়দপুরে রেলওয়ের অনেক জমি আছে কিন্তু রেলের কাজে আসছে না আবার অনেক জমি আছে যেগুলো প্রয়োজনীয়। সেগুলো অনেকে জবরদখল করে আছেন। অনেকে অবৈধভাবে দখল করে মার্কেট তৈরি করে ভাড়া উঠিয়ে খাচ্ছেন। সে জায়গা থেকে রেল তো অর্থ পেতে পারে। রেলের উন্নয়নের জন্য যেসব জায়গা প্রয়োজন সেগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে।’