আমাদের চারপাশে অনেক পরিচিত মুখই রয়েছে। কিন্তু তাদের সবাই আমাদের বন্ধু নয়। আমরা তাকেই বন্ধু মনে করি, যার কাছে নিজের কথা অকপটে বলা যায়। অনেকেই আছে যারা বন্ধুবেশী শত্রু। কীভাবে চিনবেন তাদের, জেনে নিন-
বন্ধুদের মধ্যে ইয়ার্কি-ঠাট্টা থাকেই। কিন্তু লক্ষ করে দেখবেন, এরা জনসমক্ষে আপনাকে মজা করেই অপমানজনক কথা বলেন। আপনার ভাবমূর্তি অন্যদের চোখে নিচে নামিয়ে এরা আনন্দ পান।
নিজের বিপদ হতে পারে ভেবেও আপনি বন্ধুর হয়ে সব সময়ে কথা বলেন। কিন্তু লক্ষ করে দেখবেন এরা এটা কখনোই করেন না। নিজেকে ঝামেলামুক্ত রাখতে পছন্দ করেন।
এদের ভালো সময়ে আপনি পাবেন। রেস্টুরেন্টে খেতে গেলে, সিনেমা দেখতে কিংবা ঘুরতে গেলে এদের পাশে পাবেন। কিন্তু এরা নিজেদের সময়ের বাইরে গিয়ে কখনোই আপনার সঙ্গে মিশবে না। বিশেষ করে খারাপ সময়ে এদের দেখা পাওয়া যায় না।
কোনো সাফল্য এলে মানুষের স্বভাব তা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়া। কিন্তু লক্ষ করে দেখবেন আপনার কোনো সাফল্য বা খুশিতে এরা মোটেও তত উচ্ছ্বসিত নন। খুব একটা খুশিও নন।
তারা কারণে-অকারণে আপনার খুঁত ধরতে ব্যস্ত থাকেন। আপনার ভাবনাচিন্তা, মতামত, সবকিছুর মধ্যেই যেনতেন প্রকারের খুঁত বের করবেন।
এসব দেখেশুনে কি সম্পর্ক শেষ করে দেবেন? একদমই তা করতে যাবেন না। বরং আপনিও নিজেকে নিরাপদে রাখুন, তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যান। হুটহাট নিজের গোপন কোনো বিষয় বা একান্ত কথা তাদের সঙ্গে বলতে না যাওয়াই ভালো। ততটুকুই প্রশ্রয় দিন, যতটুকুতে নিজের ক্ষতি হওয়ার ভয় না থাকে।