ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা

রংপুরের পীরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে কুমেদপুর ইউনিয়নের চন্ডীপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে সুরভী আক্তার (১৩) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুরভী একই ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার মেয়ে। স্থানীয় চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরভীর বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে তার নানাবাড়িতে থেকে লেখাপড়া করছিল। গত শুক্রবার বিকেলে শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সুরভী। পরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি সরেস চন্দ্র।