ভারত ও পাকিস্তানের স্থগিত হয়ে যাওয়া ডেভিস কাপের লড়াই মাঠে গড়াতে পারে চলতে বছরের নভেম্বর-ডিসেম্বরে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক টেনিস সংস্থা।
তবে ম্যাচ কোথায় হবে তা এখনও জানানো হয়নি। জানা গিয়েছে ৪ নভেম্বর বৈঠকের পর ভেনু জানানো হবে। ওই দিনই ঠিক হবে যে ম্যাচ ইসলামাবাদে হবে নাকি অন্য কোথাও! ডেভিস কাপের লড়াইটি হতে পারে ২৯-৩০ নভেম্বর অথবা ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বরে।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে জঙ্গি হামলা হয়েছিল। এরপর থেকেই ক্রিকেট হোক বা অন্য কোনও খেলা, পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চায় না কোনো দেশ। এবারও শ্রীলঙ্কা প্রথমে টেস্ট সিরিজ খেলতে যেতে রাজি হলেও পরে নিরাপত্তার কারণ দেখিয়ে বেঁকে বসে। তবে পাকিস্তানে ভারতীয় দলের খেলতে যেতে না চাওয়ার জন্য দুই দেশের রাজনৈতিকতা অস্থিরতাই অন্যতম কারণ বলে ধরা হচ্ছে।
অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সচিব হীরন্ময় চট্টোপাধ্যায় বললেন, ৪ নভেম্বর নিরপত্তার দিক নিয়ে বৈঠক আয়োজিত হবে। সেখানে সফররত দলের নিরাপত্তার যাবতীয় দিক সুরক্ষিত হলে তবেই ডেভিস কাপের এই লড়াই হবে ইসলামাবাদে। আইটিএফ আমাদের মেইল করে দুটি সম্ভাব্য তারিখ জানিয়েছে।
উল্লেখ্য, ১৪-১৫ সেপ্টেম্বর ডেভিস কাপের এই ম্যাচ হওয়ার কথা ছিল ইসলামাবাদের মাটিতে। তবে শেষমেশ নিরাপত্তার কারণ দেখিয়ে সফর পিছিয়ে দেয় ভারতীয় টেনিস সংস্থা। ভারতীয় টেনিস দল ম্যাচটি খেলার জন্য পাকিস্তানে যেতে প্রস্তুত ছিল। কিন্তু ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে ৩০ ধারা বিলোপের প্রভাব পড়ে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে। যার জেরে সফর বাতিল করতে হয়।