অ্যাপলের নতুন আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো এখন প্রি অর্ডারে আছে। এর মধ্যে আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ফোর্বস ম্যাগাজিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ফোনে কোনো হ্যাকার ফোন তালিকার তথ্য হাতিয়ে নিতে পারবেন। নিরাপত্তা গবেষক জোসে রদ্রিগেজ এই ত্রুটির বিষয়টি সামনে আনেন। তিনি জানান, লক স্ক্রিন প্রোটেকশন ভেদ করে আইফোন ১১’র তথ্য হাতিয়ে নেয়া সম্ভব।
অবশ্য নিরাপত্তা ত্রুটি সংশোধন করেই আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফোন বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
নতুন মডেলগুলোয় আইফোন ১১ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স এর পর্দার মাপ যথাক্রমে ৫.৮ এবং ৬.৫ ইঞ্চি। অপরদিকে আইফোন ১১-এর পর্দার মাপ ৬.১ ইঞ্চি।
নকশা রাখা হয়েছে আগের মতোই। এর পরিবর্তন কিছুটা দেখা গেছে পেছনের দিকে। নতুন ডুয়েল ক্যামেরা রাখা হয়েছে আইফোন ১১-তে। অনুষ্ঠানে এই ক্যামেরার কিছু দারুণ আলট্রা ওয়াইড ছবি দেখানো হয়।
ক্যামেরা ছাড়াও আইফোন ১১-এ যোগ করা হয়েছে এ১৩ বায়োনিক চিপ। চিপটিকে এখন পর্যন্ত নিজেদের তৈরি সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন প্রসেসর দাবি করেছে অ্যাপল।
আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্সের পেছনের তিনটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি টেলিফটো, একটি ওয়াইড লেন্স এবং অন্যটি আলট্রা ওয়াইড লেন্স। ডিভাইসটি দিয়ে ধারণ করা বেশ কিছু দারুণ ছবি এবং ভিডিও ডেমো দেখানো হয়েছে অনুষ্ঠানে। অ্যাপলের দাবি স্মার্টফোনে সর্বোচ্চ মানের ভিডিও পাওয়া যাবে নতুন আইফোন ১১ প্রো ডিভাইসে।