পোশাক কারাখানায় কাজ করতেন মোজাম্মেল হক (২৬)। রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে এক সহকর্মীকে দেখে জানালা দিয়ে মাথা বের করে ডাকতে থাকেন। এ সময় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মাথায় আঘাত লেগে মৃত্যু হয় তার।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল পটিয়া উপজেলার কৈয়া গ্রামের ওসমান গণির ছেলে। তিনি বেলা টেক্সটাইল লিমিটেডের পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, অফিস শেষে রাতে বাসযোগে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল নামের এক যুবক। পথিমধ্যে বাসের জানালা দিয়ে মাথা বের করে অফিসের আরেক সহকর্মীকে ডাকতে গিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।
এতে মাথায় মারাত্মক আঘাত লাগে এবং তখন মাথার মগজ বের হয়ে গিয়েছিলো। পরে কর্ণফুলী থানা পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।