ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে মাঝে মাঝেই বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় ঋতুপর্ণা কাজ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‌‘জ্যাম’ চলচ্চিত্রে। গত বছরের জুলাইয়ে ছবির মহরতে অংশ নেন তিনি।

পরিচালক জানান, ‘জ্যাম’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৫ সেপ্টেম্বর রাতের একটি ফ্লাইটে ঢাকায় আসবেন ঋতু। ১৬ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার অংশের শুটিং চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও চিত্রনায়িকা পূর্ণিমা। আর চিত্রনায়ক ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে।

‘জ্যাম’-এর মূল ভাবনা আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার। এর মাধ্যমে ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।