কক্সবাজারের উখিয়ায় এনাম উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে ১৮ লাখ টাকার জালনোটসহ আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উখিয়ার পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের বাসিন্দা হাছন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা যুবক এনাম একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে রাতে পালংখালী বাজারে এসে অটোরিকশাচালককে ভাড়া বাবদ এক হাজার টাকার নোট দেন। নোটটি দেখে নকল মনে হলে চালক তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করেন এনাম। এ সময় আশপাশের লোকজন তাকে ধরে আটক করে ব্যাগ তল্লাশি করলে প্রায় ১৮ লাখ টাকার জালনোট পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, জালনোটসহ আটক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের বড় একটি চক্র এর সঙ্গে জড়িত। তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।