মেঘনা ভরাট করে ব্যবসা

সোনারগাঁয়ে জব্দ বালু নিলামে বিক্রি

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী ও সরকারি জায়গা দখল করে বালু ব্যবসা বন্ধে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

চার মাস আগে মেঘনা তীরে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও গত কিছুদিন ধরে মেঘনা নদীর তীর ভরাট করে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছিল প্রভাবশালীরা। গতকাল রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও বিআইডাব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. শহিদুল্লাহসহ অন্য কর্মকর্তারা। এ সময় জব্দ করা বালু ৭ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দরের যুগ্ম-পরিচালক মাসুদ কামাল বলেন, মেঘনা নদীর দুই তীরে গত মে মাসে টানা ৬ দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। সে সময় অনেক শিল্পপ্রতিষ্ঠানের দখল করা অংশ উচ্ছেদ এবং ভরাট করা বালু নিলামে বিক্রি করা হয়েছিল। শিগগিরই মেঘনা নদী দখলকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। নদী দখলকারীরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের কোনো ছাড় নেই।’