যে গ্রামে ঘর বাঁধলেই মিলবে ২৩ লাখ টাকা

সাধারণত এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বাড়ি বানাতে বিস্তর খরচ হয়। বাড়ি ঘর তৈরির অনুমোদনসহ নানা জটিলতায় হয়রানিও কম হয় না। তবে ইতালির রাজধানী রোমের পূর্ব দিকের এলাকা মলিসে কয়েকটি গ্রামে গিয়ে বসবাস করলে উল্টো সব ধরনের সহায়তার পাশাপাশি মিলবে ২৭ হাজার ডলার বা ২২ লাখ ৮১ হাজার টাকা।

সিএনএনর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির গ্রামাঞ্চলে যখন একটি আস্ত বাড়ি মাত্র এক ডলারে বিক্রি হচ্ছে। মানুষ ওই সব জনপদ ছেড়ে চলে যাচ্ছে অন্যান্য জায়গায়। এ অবস্থায় মলিস এলাকার ১০৬টি জনপদকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছে সেখানকার কর্র্তৃপক্ষ। ওই ১০৬ গ্রামের যেকোনো একটিতে কেউ যদি বসবাসের জন্য যান, তবে তিনি পাবেন ২৭ হাজার ডলারের আর্থিক সহায়তা। তবে এই টাকাটা এককালীন দেওয়া হবে না। সবুজে ঘেরা পাহাড়ি এলাকার মধ্যে তিনি যেন স্থায়ী হতে পারেন এ জন্য টানা তিন বছর প্রতি মাসে ৭৭০ ডলার করে দেওয়া হবে।

এ বিষয়ে ওই এলাকার এক কাউন্সেলর অ্যান্তিনিও তেদিছে বলেন, এই সবুজ, সুন্দর ও জলপাই বনে ঘেরা জনপদগুলো বাঁচাতে এর বিকল্প ছিল না আমাদের সামনে। এই গ্রামগুলোতে আমাদের শিকড় পোঁতা রয়েছে। 

তিনি জানান, কেউ যদি সেখানে গিয়ে বসবাসের পাশাপাশি কোনো ব্যবসা করতে চান, তবে তাকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।  আজ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই সুযোগ পাওয়ার আবেদন প্রক্রিয়া। তরুণ ও নতুন দম্পতিরা আবেদন করতে পারবেন এই স্কিমে।