বাবার ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো এখন অনেক বড় তারকা। ফুটবল খেলে যশ, খ্যাতি, অর্থ- সবই পেয়েছেন। কিন্তু এর কিছুই দেখে যেতে পারেননি তার বাবা হোসে দিনিস। ব্রিটেনের এক টেলিভিশনকে সাক্ষাৎকার দেওয়ার সময় সেসব কথাই বললেন রোনালদো। এসময় নিজের পিতার কয়েকটি ভিডিও ফুটেজ দেখে কান্নায় ভেঙে পড়েন গ্রহের অন্যতম সেরা ফুটবলার। বলেছেন, বাবাকে কখনোই পুরোপুরি জানার সুযোগ হয়নি তার।

২০০৫ সালে লিভারের অসুখে মারা যান রোনালদোর বাবা। আইটিভির পিয়েরস মরগানকে দেওয়া সাক্ষাৎকারের সময় হোসে দিনিসের একটি ভিডিও দেখানো হয় রোনালদোকে। ২০০৪ সালের ইউরোর আগে রোনালদোকে নিয়ে কথা বলছিলেন তার বাবা।

এই ভিডিও দেখে আবেগে কেঁদেই ফেলেন সিআর সেভেন, “আমি তো ভেবেছিলাম সাক্ষাৎকারটি মজার হবে! এভাবে কেঁদে ফেলব সেটা ভাবিনি। তবে এই ভিডিওটা আগে দেখিনি। জানি না কোথায় পেয়েছেন এটা। আমার পরিবারকে এই ভিডিওটা দেখাতে হবে।”

হোসে দিনিস মদ্যপ ছিলেন, সেটা নিজেই জানালেন রোনালদো, “নিজের বাবাকে শতভাগ জানার সুযোগ হয়নি। তিনি মদ্যপ ছিলেন। তার সঙ্গে স্বাভাবিকভাবে কখনো কথা হয়নি। এটা খুব কঠিন ছিল।”

“তিনি আমার সাফল্যের কিছুই দেখতে পারেননি। আমি এই পর্যায়ে এসেছি, এত পুরস্কার নিয়েছি, কিছুই তিনি সামনে থেকে দেখতে পারেননি।”