শৈলকুপায় সাপের কামড়ে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে শাহিন হোসেন (২৮) ও সোহান হোসেন (৮) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শাহিন হোসেন ও সোহান হোসেন ওই উপজেলার নাগপাড়া গ্রামের মৃত নবাব আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে দুই ভাই শাহিন ও সোহান একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘুমন্ত সোহানের মাথায় প্রথমে সাপে কামড় দেওয়ার পর বড় ভাই শাহিন জেগে উঠলে তাকেও দংশন করে ওই সাপ।

দুই ভাইয়ের চিৎকারে বাড়ির লোকজন উঠে এসে সাপটিকে মেরে ফেলে। পরে গভীর রাতে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শাহিন ও সোহানের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।

অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথে ছোট ভাই সোহানের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই শাহিন মঙ্গলবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর শাহিন ও তার ছোট ভাই সোহান মারা যান।