বান্দরবানে ধরে নিয়ে যাওয়া ৬ গ্রামবাসীকে ছেড়ে দিল সন্ত্রাসীরা

বান্দরবানের রুমা উপজেলার সামা খাল পাড়া থেকে রবিবার দুপুরে ধরে নিয়ে যাওয়া ৬ গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যায় তাদেরকে রুমার পলিকা পাড়ার কাছে একটি নির্জন এলাকায় ছেড়ে দেওয়া হয়।

রাতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর রুমা গ্যারিসনে রাখা হয়। এরপর মঙ্গলবার সকালে সবাই নিজেদের বাড়িতে ফিরে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফিরে আসা ব্যক্তিরা হলেন থোয়াইহ্লাচিং (৫৬), প্রুসিঅং (৪৩), চিংথোয়াইমং (৩২), মংগ্যাই (৩২), উলামং (৫০) ও মংরুইকে (৪৫)। তারা সবাই সামা খাল পাড়ার বাসিন্দা ও জুম চাষি।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা জানান, এলাকায় সন্ত্রাসীদের আনাগোনার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ভবিষ্যতে সন্ত্রাসীদের সহযোগিতা করতে হবে- এমন শর্ত দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিরে আসা একজন বলেন, ‘সন্ত্রাসীরা পাড়াবাসীর কাছ থেকে নিয়মিত চাল, ডাল, টাকা-পয়সাসহ পাড়ায় অবস্থানের জন্য সহযোগিতা চায়। তাই এভাবে পাড়াবাসীকে ধরে নিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।’

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাশেম বলেন, ৬ জনকে ধরে নিয়ে যাবার পর সেনাবাহিনী এবং পুলিশ একসঙ্গে অভিযান চালিয়েছে। শুনেছি তারা ফিরে আসার পর সেনা গ্যারিসন হয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছে।