১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘মায়াবতী’। আর এ ছবিটি দেখতে গত সোমবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে হাজির হয়েছিলেন তারকা অভিনয়শিল্পী-নির্মাতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক জাকির হোসেন।
তিনি বলেন, ‘আমাদের নির্মাতারা আরও অভিনব পরিকল্পনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন এটিই প্রত্যাশা।’
উপস্থিত ছিলেন যমুনা মাল্টিপ্লেক্স থিয়েটারের হেড অফ অপারেশন এ এইচ আহমেদ, বি সরকার সহ আরও অনেকে।
তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু অভিনীত এ ছবিটি দেখে মুগ্ধ হয়ে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় ‘মায়াবতী’ দর্শকেরা পছন্দ করবে। কারণ এ ধরনের গল্প পছন্দ করার মতোই।’
অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি বলেন, ‘মায়াবতী’র সবচেয়ে বড় সম্পদ গল্প। এ রকম গল্প নিয়ে কাজ করার জন্য পুরো টিমকে অভিনন্দন জানাই।’
‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন বলেন, ‘বেশ ভালো লেগেছে। মায়াবতীর মায়ায় জড়িয়ে ছিলাম ২ ঘণ্টার বেশি সময়। দর্শক যেন হলে এসে যাচাই করে ছবিটি দেখে মন্তব্য করেন।’
নির্মাতা তৌকির আহমেদ তার শেষ দুটি ছবিতে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে কাজ করেছেন। তিশার নতুন ছবি নিয়ে তৌকির আহমেদ বলেন, ‘সময়োপযোগী একটি গল্প নিয়ে অরুণ দা এবং তিশা সহ ছবির পুরো টিম কাজ করেছেন, সে জন্য তাদের অভিনন্দন। ‘মায়াবতী’র সফলতা কামনা করছি। বাংলা চলচ্চিত্রের নিয়মিত সাফল্য কামনা করছি।’
ছোট ও বড় পর্দার সফল নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘তিশা এবং ছবির অন্য অভিনয়শিল্পীরা, এ ছবির গল্প, নির্মাণ সবকিছু দর্শকেরা উপভোগ করবেন।’
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘তিশা তো গুণী অভিনেত্রী। তা ছাড়া ছবিতে এত মেধাবী অভিনয়শিল্পীর সম্মিলন ভালো লেগেছে। অরুণ চৌধুরী ও পুরো টিমকে ধন্যবাদ এ রকম ছবি উপহার দেবার জন্য।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন বলেন, ‘অরুণ দা’র আমন্ত্রণে সপরিবারে ‘মায়াবতী’ দেখতে এসেছি। ছবিটি পরিবার নিয়ে দেখার মতোই ছবি।’
সংগীতশিল্পী এলিটা করিম বলেন, ‘দর্শকদের হলে আসতে হবে। হলে এসে ছবি দেখে মন্তব্য করতে হবে। ‘মায়াবতী’র পুরো টিমকে শুভেচ্ছা।’
সপরিবারে ছবি দেখতে এসেছিলেন ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু, আবদুল্লাহ রানা সহ নাট্যকার শফিকুর রহমান শান্তনু, আলীফ চৌধুরী। আরও ছিলেন প্রযোজক আনোয়ার আজাদ, পরিচালক চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী অনন্যা আচার্য্য, টিনা মুশতারী প্রমুখ।
সফল এই আয়োজন শেষে পরিচালক অরুণ চৌধুরী জানান, খুব শিগগিরই তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ‘মায়াবতী’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া ও মার্কেটিং কনসালট্যান্ট থ্রি আর মিডিয়া।