অনেক চমক নিয়ে সিঁথি

জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। এক সময় অভিনয়ও করেছেন জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে। তবে এখন তার ধ্যান-জ্ঞান পুরোটাই গান। এখন সবচেয়ে ফোকাস করছেন নিজের ইউটিউব চ্যানেলের প্রতি। ‘সিঁথি সাহা অফিসিয়াল’ নামের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত গান আপলোড করবেন ভক্ত-শ্রোতাদের জন্য। কীভাবে ইউটিউব চ্যানেলটি সবার সামনে প্রথমবার নিয়ে আসবেন তা নিয়েই চলছে তার নানা পরিকল্পনা। এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলের জন্য প্রথম গান হিসেবে একটি চমক রাখছেন সিঁথি। এরই মধ্যে কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক ডাব্বুর সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সিঁথি জানালেন, গানটি খুবই ফিল্মি ধাঁচের। তাই মিউজিক ভিডিওটিও সেভাবে করার পরিকল্পনা করেছেন।

শুধু তাই নয়, কলকাতার অন্যতম সেরা সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গেও তিনি দুটি গান করছেন। এরই মধ্যে একটিতে তিনি কণ্ঠ দিয়ে ফেলেছেন। ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর হলোÑ ‘রাত জাগা পাখি’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন পাকিস্তান ও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সাফকাত আমানত আলি। এই গানটিরই হিন্দি আরেকটি ভার্সন হবে সামনে। সিঁথি বলেন, ‘আমার সৌভাগ্য যে শাফকাত আমানত আরি মতো গুণী শিল্পী আমার সঙ্গে গেয়েছেন। তাও আবার বাংলা গান! এটা আমাদের দেশের জন্যও বড় প্রাপ্তি।’

অনেকেই জানেন, গেল ঢাকা ফোক ফেস্টিভালে দর্শকসারি থেকে সিঁথিকে মঞ্চে নিয়ে শাফকাত আমানত আলি গেয়েছিলেন ‘আজ যানে কি জিদ না কারো’ গানটি। ওই দিনই কি তার সঙ্গে প্রথম পরিচয়? জানতে চাইলে সিঁথি বলেনÑ ‘না, এর আগেই আমরা পরিচিত। ২০১৬ সালে তার ‘ছাইয়া মোছে বোলে না’ গানটি আমি কভার করে ইউটিউবে প্রকাশ করি। সৌভাগ্যবশত তিনি ওই গানটি ইউটিউবে দেখেন। এমনকি আমার গানটি তার ভালো লেগেছিল বলেই নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে গানটি শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, আমাকে নিজেই খুঁজে বের করে ফেইসবুকে যোগাযোগ করেন। সেই থেকে টুকটাক কথা হতো। তবে ফোক ফেস্টিভালের মঞ্চেই তার সঙ্গে আমার প্রথম দেখা। ওইদিনটি এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। এত মানুষের সামনে গেয়েছিলাম। মঞ্চ থেকে নামার পর সবাই বলছিল তুমি শাফকাতের সঙ্গে পাল্লা দিয়ে গেয়েছ। বাংলাদেশের মান রেখেছ! আমি এজন্য ফোক ফেস্টিভাল কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞ।’

পাকিস্তানের কোক স্টুডিও থেকেও গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন সিঁথি। কিন্তু একজন বাংলাদেশি হিসেবে পাকিস্তানে গান গাওয়াটা তার কাছে মনঃপূত হয়নি। এ নিয়ে সিঁথি বলেন, ‘হয়তো এই সুযোগটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করত। কিন্তু আমি দেশকে ভালোবাসি। তাই পাকিস্তানে গাইতে যেতে রাজি হইনি।’

এদিকে আগামী সপ্তাহেই সিঁথি সাহার নতুন একটি গান প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। ‘বৃষ্টি’ শিরোনামের গানটি একটু পাশ্চাত্য ধাঁচের। এর মিউজিক ভিডিওতে সিঁথিকে একজন আধুনিক তরুণী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। এ গানটি নিয়ে সিঁথি বলেন, ‘আমার ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরই এ উৎসব উপলক্ষে নতুন গান প্রকাশ করি। এবার পূজার গান না করলেও নতুন একটি উপহার দিচ্ছি ভক্তদের। আশা করি সবার ভালো লাগবে।’

এর বাইরে সিঁথির আরেকটি গান প্রকাশ পাবে শিগগিরই। এর নাম ‘মন দেব মন নেব’। এটি জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অভিনীত ‘মন দেব মন নেব’ সিনেমার টাইটেল গান। সিনেমাটিও অচিরেই মুক্তি পাবে। এ গানটি জমজমাট নাচের গান। তাই গানটি নিয়ে বেশ আশাবাদী শিল্পী। এছাড়া আগামীকালই কণ্ঠ দেবেন নতুন একটি সিনেমার গানে। তবে এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ এই শিল্পী।