আদালতে মামলায় হেরে গিয়ে হাসেম মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ পূর্বপাড়া এলাকায়। হাসেম মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে বাহারবাগ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
হাসেম মোল্যার ছেলে ইমরান হোসাইন জানান, তার বাবার সঙ্গে একই গ্রামের রফিক মোল্যার জমি নিয়ে মাগুরা জজ আদালতে মামলা ছিল। গত ১৫ সেপ্টেম্বর সে মামলায় রফিক মোল্যা হেরে যায়। মামলার পরাজয়ের প্রতিশোধ নিতে তার বাবাকে রফিক মোল্যা, সজিব, আতর আলী কুপিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বাহারবাগ বাজারে কয়েকশ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশ নেওয়ারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।