সিলেটের বিয়ানীবাজারে উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত একটি ভবনের দেয়ালে ‘চেতনায় বাংলাদেশ’ শিরোনামে দেয়াল চিত্র অঙ্কন করা হয়েছে।
৮০ ফুট দৈর্ঘ্যের ও ৫ ফুট প্রস্থের এই চিত্রে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত আন্দোলন-সংগ্রামের কিছু খণ্ডচিত্র, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের চিত্র আঁকা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই দেয়ালচিত্র মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের এমপি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এসময় তিনি বলেন, ‘বাঙালির ইতিহাস নিয়ে অঙ্কিত এই দেয়াল চিত্র নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আগ্রহী করে তুলবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে মূল্যায়ন করবে।’
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবদুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাছিব মনিয়া, মুক্তিযোদ্ধা আবদুল কাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত প্রমুখ।