শেয়ার কারসাজি

মুন্নুর দুই কোম্পানিতে যাবে ডিএসই

শেয়ার কারসাজিতে কোম্পানির সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে মুন্নু গ্রুপের দুই প্রতিষ্ঠান মুন্নু সিরামিকস ও মুন্নু জুট স্টাফলার্সের কারখানা ও প্রধান অফিস পরিদর্শন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ দুই কোম্পানি, এর আর্থিক প্রতিবেদন ও শেয়ার কারসাজি সংক্রান্ত বিষয় তদন্ত করে আগামী ১৪ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) প্রতিবেদন জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এসইসির নিয়মিত সভায় ডিএসইর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার দরে কারসাজি বিষয়ে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ ও মুন্নু জুট স্টাফলার্সের কারখানা পরিদর্শনে ডিএসই প্রস্তাব দেয়। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকালের কমিশন সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫ এর ৫৪(১) ধারা অনুযায়ী, ১৪ কার্যদিবসের মধ্যে উপরোক্ত বিষয়ে পরিদর্শন কার্যক্রম সম্পাদন করবে এবং ওই রেগুলেশনে বর্ণিত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করার জন্য ডিএসইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএসইর লিস্টিং রেগুলেশনের ওই ধারা অনুযায়ী, কমিশনের অনুমোদন সাপেক্ষে বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজন মনে করলে যেকোনো সময় তালিকাভুক্ত যেকোনো কোম্পানি পরিদর্শন করতে পারবে ডিএসই এবং পরিদর্শন সম্পন্ন হওয়ার ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে হবে।

এর আগে মুন্নু সিরামিকস ও মুন্নু জুট স্টাফলার্সসহ ১২ কোম্পানির শেয়ারে কারসাজির প্রমাণ পায় এসইসি। এতে মুন্নু গ্রুপের দুই কোম্পানির শেয়ারে কারসাজিতে বিভিন্ন বিনিয়োগকারীদের পাশাপাশি গ্রুপটির করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পৃক্ততাও পেয়েছে এসইসি। এ কারণে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মুন্নু ওয়েলফেয়ার কর্তৃক ধারণকৃত মুন্নু সিরামিকস ও মুন্নু জুটের শেয়ার ফ্রিজ (শেয়ার ক্রয়-বিক্রয়, হস্তান্তর, বন্ধকসহ সব ধরনের লেনদেন) করার সিদ্ধান্ত নেয় এসইসি। এছাড়া মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন, আর্থিক প্রতিবেদনে অনিয়ম ও করপোরেট ঘোষণার মাধ্যমে মুন্নু ওয়েলফেয়ার কর্তৃক শেয়ার বিক্রি সংক্রান্ত এসইসি তদন্ত প্রতিবেদন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিবেদনের ভিত্তিতে মুন্নু সিরামিকস, মুন্নু ওয়েলফেয়ার এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া মুন্নু সিরামিকসের শেয়ার পাবলিক মার্কেট থেকে পরবর্তী কার্যদিবস থেকে স্পট মার্কেটে (নগদ টাকায় লেনদেন) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কারসাজির মাধ্যমে মুন্নু সিরামিকসের শেয়ার দর গত মার্চে সর্বোচ্চ ৪৪১ টাকায় উন্নীত হয়। পরে কয়েকজন বিনিয়োগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় শেয়ার গত ২১ জুলাই ১২৮ টাকায় নেমে আসে। এরপর আবারও কারসাজির মাধ্যমে শেয়ারটির দর ২৩৭ টাকায় উন্নীত হলে এসইসি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। ফলে গত কয়েকদিনে শেয়ারটি দর হারিয়ে ১৫৯ টাকায় নেমেছে। একইভাবে কারসাজির মাধ্যমে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার দর মাত্র দুই মাসে ১৯৬ শতাংশ বাড়ানো হয়।