ছাত্রলীগ নিয়ে আমি একটা কথাও বলব নাÑ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়টা দেখছেন। দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। এ বিষয় নিয়ে আমি কেন বারবার কথা বলব?’ গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
একটা কথাও বলবেন না জানিয়ে পরে ব্যাখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দুজনকেই (শোভন ও রাব্বানী) অব্যাহতি দেওয়া হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। এই আমলে অপকর্ম হয় না এটা আমরা বলি না, কিন্তু অপকর্ম হলেই শাস্তির ব্যবস্থা আছে। এটা অন্য দলে নেই। আওয়ামী লীগের এই কালচার আছে, এখানে কেউ অপকর্ম করলে, অন্যায় করলে, দুর্নীতি করলে শাস্তির ব্যবস্থা আছে। বিএনপিতে শাস্তির ব্যবস্থা নেই।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুদককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কেউ অপকর্ম করলে, দুর্নীতি করলে কেউ পার পাচ্ছে না। আমাদের অনেক এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, চার্জশিট পর্যন্ত করা হয়েছে। অনেকে জামিনের জন্য আমাদের কাছে ঘোরাঘুরি করেছেন যেন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করা হয়। কিন্তু আমরা সরাসরি না করে দিয়েছি।’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করতে ১২টি উপকমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেই সঙ্গে আগামী শনিবার থেকে তৃণমূল পর্যায়ের সম্মেলনের কার্যক্রম পুনরায় শুরু হবে। কাদের বলেন, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটিগুলো অনুমোদন দিলে ঘোষণা করা হবে। ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিলের উদ্বোধন করা হবে। পরদিন ২১ ডিসেম্বর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এই কাউন্সিল সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা ও মহানগরে যেসব জায়গায় কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলোর সম্মেলন করা হবে। ২১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তৃণমূলের সম্মেলনগুলোর প্রস্তুতি কার্যক্রম চলবে। দায়িত্বপ্রাপ্ত কমিটির নেতারা সমন্বয় করে সুবিধাজনক সময়ে সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাসিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।