শরীরচর্চা নিয়ে মোদি-মমতার সরস আলাপ

দিল্লিতে দেখা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রহস্য-কৌতুক মিশিয়ে নরেন্দ্র মোদি জানান, ‘দিদি’ প্রতিদিন কতটা হাঁটছেন, সে ব্যাপারে সব খবর তিনি রাখেন।

আড়াই বছর পরে ভারতীয় প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, দুজনেরই প্রিয় নেশা শরীরচর্চা। যা তাদের ফিটনেসের মন্ত্রও। প্রধানমন্ত্রীর বাসভবনে কথোপকথনে বিষয়টি উঠে আসতে দেরি হয়নি।

মোদির সঙ্গে দেখা হওয়ার পরই মমতা বলেন, আগের চেয়ে অনেকটা ওজন কমিয়েছেন মোদি! জবাবে হেসে প্রধানমন্ত্রী জানতে চান, দিদির ‘বিশ কিলোমিটার’ কেমন চলছে?

নিজেকে ‘ফিট’ রাখাটা মমতার কাছে নেশার মতো। মোদিও গত পাঁচ বছরে যোগাসনকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করেছেন। ‘নমো’ অ্যাপে অ্যানিমেশনের মাধ্যমে নিয়মিত দেখানো হয় মোদির যোগ। সম্প্রতি তিনি শুরু করেছেন ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন।

মমতা হাজার ব্যস্ততার মধ্যেও নিয়ম করে প্রতিদিন অনেকটা সময় শরীরচর্চায় বরাদ্দ রাখেন। যার বেশিটাই হাঁটা।

সম্প্রতি মোদির ‘ফিটনেস ডে’ পেইজে মমতার ব্যাডমিন্টন খেলার ভিডিও আপলোড হয়েছে। মমতা নেতা-মন্ত্রী থেকে শুরু করে আমজনতাকেও শরীর ঠিক রাখতে সব সময়ে পরামর্শ দেন, সে কথা লেখা হয়েছিল ওই ভিডিওতে। সাংসদ থাকাকালীন তো বটেই, পরও যখনই সংসদে এসেছেন- সুযোগ পেলেই বৃত্তাকার করিডরে দ্রুত হেঁটেছেন। ট্রেডমিল-সহ সব মিলিয়ে প্রতিদিন অন্তত ১২-১৪ কিলোমিটার হাঁটেনই মমতা। 

মোদির কাছে মমতা জানতে চান, তার বাসভবনের অফিসটি কবে অন্য ঘরে সরানো হলো? জবাবে প্রধানমন্ত্রী বলেন, অফিস রয়েছে একই জায়গায়। মমতা এর পর তুলে দেন তার উপহার। হলুদ গোলাপের তোড়া আর কলকাতার মিষ্টি।