বাধ্য হয়ে তেল আমদানি করছে সৌদি আরব

তেলক্ষেত্রে হামলার পর অর্ধেকের বেশি কমে গেছে উৎপাদন। যার কারণে ভাটার শঙ্কায় তাদের তেল রপ্তানির ঐতিহ্য। এমন অবস্থায় রপ্তানি ঠিক রাখতে তেল আমদানি করতে যাচ্ছে সৌদি আরব।

গত শনিবার ড্রোন হামলার কারণে সৌদির রাষ্ট্র মালিকানাধীন সবচেয়ে বড় জ্বালানি কোম্পানি আরামকোর দুইটি তেলক্ষেত্রে অগ্নিকাণ্ডের সূচনা হয়। গত কয়েক দশকে দেশটির তেলখনিতে এটাই সবচেয়ে বড় হামলা।

হামলার পর গত চার মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১৯ শতাংশ বেড়ে ৭১.৯৫ ডলারে স্পর্শ করেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৫ শতাংশ বেড়ে ৬৩.৩৪ ডলারে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী দেশ হিসেবে সুনাম ধরে রাখতে সৌদি আরব তার প্রতিবেশী দেশের কাছ থেকে অশোধিত তেল কেনা এবং বিশ্ববাজার থেকে বাড়তি কিছু তেলজাত পণ্য কেনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তেল ব্যবসায়ীরা।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সৌদি আরব তৈলজাত পণ্য আমদানি করছে এবং ইরাকের কাছ থেকে ২০ লাখ ব্যারেল তেল নিচ্ছে।