বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন আফিফ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তার দুর্দান্ত ইনিংসে চাপ কাটিয়ে জয় তুলে নেয় টাইগাররা। যে ইনিংসে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে শুভেচ্ছা জানান আফিফকে।

ম্যাচটির পর সবার প্রশংসায় ভেসেছেন আফিফ। সংবাদমাধ্যমও মেতে ছিল আফিফ বন্দনায়। তবে ১৯ বছর বয়সী অলরাউন্ডারকে কিছু বিব্রতকর অবস্থাতেও পড়তে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যেমন তার বিয়ের গুঞ্জন ছড়ানো হচ্ছে বলে আফিফের অভিযোগ।

বাধ্য হয়ে আফিফকে মুখ খুলতে হলো এ নিয়ে। নিজের ভেরিফায়েড ফেইসবুকে পেজে আফিফ লিখেছেন, ‘আমি বিবাহিত এমন গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিজেও জানি না যে আমি বিবাহিত কিন্তু কিছু সস্তা মানুষ কিছু বাজে নিউজ ছড়াচ্ছে । দয়া করে কেউ কোন কিছু না জেনে ভুয়া পোস্ট করবেন না। অন্যথায় আমাকে আইনি পদক্ষেপ নিতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন আফিফ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ১৬ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৭ রান করেন এই তরুণ তারকা।